ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাদে পরিত্যক্ত আসবাবপত্র ও ময়লার স্তূপে আগুন লাগে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় তা ছাড়াতে পারেনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


রোববার (৩১ মার্চ) বিকেলে ৯ তলা হাসপাতালের নতুন ভবনের ৬ তলার ছাদের কোনায় স্তূপীকৃত ময়লা-আবর্জনা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মো. রুবেল শেখ জানান, হাসপাতালে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


এই উদ্ধার কর্মকর্তা জানান, কিছু পুরাতন বেডশিট, ফোম, কাগজ, কৌটা ইত্যাদির স্তূপে আগুন লাগে। দ্রুত নিয়ন্ত্রণে আনায় আগুন ছড়াতে পারেনি। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি তিনি। কারণ জানতে অনুসন্ধান চলছে বলে জানান মো. রুবেল শেখ।