এশিয়া কাপের ১৭তম আসরে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ হংকংয়ের বিপক্ষে খেলছে বাংলাদেশ। আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে চলমান এ ম্যাচের প্রথমে ব্যাটিংয়ে নেমে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান। অর্থাৎ জয় পেতে ১৪৪ রান করতে হবে টাইগারদের।
এর আগে টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে হংকং ৪.৪ ওভারে ৩০ রানে ২ উইকেট হারায়। ওপেনার আংশুমান রাঠকে (৪) তাসকিন ও তিনে নামা অভিজ্ঞ ব্যাটার বাবর হায়াতকে (১৪) তুলে নেন তানজিম। সেখান থেকে ৪১ রানের জুটি গড়েন ওপেনার জিসান আলী ও চারে নামা নিজাকাত খান। এরপর জিসান ৩৪ বলে ৩০ রান করে আউট হন। নিজাকাতকে ৪২ রানে ফেরান রিশাদ। এছাড়া অধিনায়ক ইয়াসিম মর্তুজা ১৯ বলে দুটি করে চার ও ছক্কায় ২৮ রান করেন।
বল হাতে তাসকিন ও তানজিম দুটি করে উইকেট নেন। রিশাদ ৩১ রান দিয়ে নেন ২ উইকেট। মুস্তাফিজ ও শেখ মাহেদী কোনো উইকেট পাননি।










