কোটা সংস্কারের দাবিতে সারা দেশে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় নিহত ছয়জনের গায়েবানা জানাজা পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় তিন শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী অংশ নেন।

জানাজা শেষে আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইভান তাওসিফ পাঁচ দফা দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট তুলে ধরেন। তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমাদের পাঁচটি দাবি রয়েছে। দাবি গুলো হলো—বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে, ছাত্রীদের নিরাপত্তা দিয়ে হল খোলা রাখতে হবে, আহত শিক্ষার্থীদের খরচ বহন করতে হবে, ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়ের বাসসেবা দেওয়া বন্ধ করতে হবে, মেসে যেসব শিক্ষার্থী থাকে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’