বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার উদ্যোগে রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে টঙ্গীর তামিরুল মিল্লাত মাদরাসার শহীদ আব্দুল মালেক মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদদীনের সভাপতিত্বে সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশে এখনো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণ অব্যাহত রয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর শোষণমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ হয়নি। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন ও কল্যাণে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

রুকনদের উদ্দেশে তিনি পবিত্র কোরআনের শিক্ষা অনুসরণ, নৈতিক চরিত্র গঠন, সুদ থেকে বিরত থাকা এবং মানুষের সঙ্গে উত্তম আচরণের আহ্বান জানান। পাশাপাশি গাজীপুরের শিল্পাঞ্চলভিত্তিক গুরুত্ব তুলে ধরে আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণের সমর্থন অর্জনে নেতাকর্মীদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশনা দেন।