ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই তার নির্বাচনের গেজেট প্রকাশ করা হবে বলে জানায় ইসি।

সোমবার (৪ মে) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বলেন, নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে এবং গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।

জানা যায়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করার পর তিন বছর অতিবাহিত না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। প্রার্থিতা ফিরে পেতে মনিরা শারমিন আদালতে রিট করে নির্বাচন কমিশনে চিঠি দেন। সেখানে তিনি অনুরোধ জানান, আদালতের শুনানি শেষ না হওয়া পর্যন্ত যেন নুসরাতের গেজেট প্রকাশ করা না হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থিতা ফিরে না পাওয়ায় নির্বাচন কমিশন নুসরাতকে নির্বাচিত ঘোষনা করে।