সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মালামালসহ এক নারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১২ অক্টোবর) জেলার সীমান্তে এ অভিযান চালায় বিজিবি। আটক মোছা. সুরাইয়া ইয়াছমিন (২৪) সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা গ্রামের মো. আব্দুল আজিজের স্ত্রী।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল শহরের অদূরে বিনেরপোতা বাইপাস নামক স্থানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে পাটকেলঘাটাগামী মোছা. সুরাইয়া ইয়াছমিন নামের এক নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ভারতীয় এক কেজি গাঁজা ও ২২৯ পিস নেশা জাতীয় ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল কলারোয়া উপজেলার আমবাগান নামক স্থান থেকে ২০ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ, মাদরা বিওপির আভিযানিক দল একই উপজেলার আমবাগান নামক স্থান থেকে ভারতীয় ওষুধ ও শাড়ি, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চৌরঙ্গী মোড় থেকে ভারতীয় ওষুধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গোবিন্দকাঠি মাঠ নামক স্থান থেকে এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার গোয়ালপাড়া নামক স্থান থেকে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দ মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক পাঁচ লাখ ৯৪ হাজার ৭৪০ টাকা।

বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দ মালামাল ও আটক আসামিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দ করা ভারতীয় অন্যান্য মালামাল সাতক্ষীরা কাস্টমসে এবং জব্দ করা মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।