কোটা আন্দোলন ঘিরে যারা সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

গতকাল বিকালে রাজধানীর রামপুরায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্র ও সদর দপ্তর ভবনসহ বিভিন্ন স্থাপনায় দুর্বৃত্তদের সাম্প্রতিক ভাংচুর ও অগ্নিসংযোগের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি সরজমিনে পরিদর্শন শেষে ব্রিফিংয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তন্ময় দাস ও বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রত্যেকটি ঘটনায় কারা জড়িত ছিল সেটি বের করে আনবে। সরকার সহিংসতার অপরাধে জড়িত প্রত্যেককে শাস্তির আওতায় আনতে দৃঢ়প্রতিজ্ঞ। বহু সরকারি স্থাপনায় দুর্বৃত্তরা হামলা করেছে। ছাত্রদের আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে এসব হামলা চালিয়েছে। বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাজ শুরু হচ্ছে। তদন্তের মাধ্যমে সব সত্য বেরিয়ে আসবে।’