সম্প্রতি দেশের হাওরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের শুরুতে সাড়ে সাত হাজার টাকা দেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, তাদের তিন মাসব্যাপী সহায়তা দেবে সরকার। এছাড়া ক্ষতি বিবেচনায় সহায়তা আরো বাড়তে পারে বলে জানান তিনি। সোমবার (৪ মে) ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, অন্যান্য তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে একটা অর্থ সহায়তা হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়ার চিন্তা করা হচ্ছে। এখন যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে দেয়া সরকারের পক্ষে সম্ভব নয়। আগামী তিন মাস তাদের সহায়তা দেয়া হবে। শুরুতে আমরা সাড়ে সাত হাজার টাকা করে দেব। পরবর্তীতে ক্ষতি বিবেচনায় এ সহায়তা বাড়তেও পারে। এর জন্য একটা কমিটি করা হচ্ছে এবং মাঠপর্যায়ে তালিকা করা হচ্ছে।
কুরবানি ঘিরে সীমান্ত দিয়ে গরু আসা প্রতিরোধে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় কিছু হাট বন্ধ করে দেয়া হয়েছে। কারণ সেখানে ক্রেতা খুবই কম। কিন্তু হাটগুলোর ইজারা হতো কোটি কোটি টাকার। আমরা এমন হাট বন্ধ করে দিয়েছি। বিজিবিও নজরদারি করছে। আশা করছি, সীমান্ত দিয়ে গরু আসবে না।










