এছাড়া আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

গতকাল নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে বণিক বার্তাকে তিনি বলেন, ‘শূন্য আসনগুলোর উপনির্বাচন নির্দিষ্ট সময়সীমার (৯০ দিন বা ৩ মাস) মধ্যে করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এজন্য কমিশন থেকে আমরা পরিকল্পনা করছি অক্টোবরের শেষে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন আয়োজন করার।’

এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আমরা শুরুতে অক্টোবর ধরে পরিকল্পনা করে এসেছি। এখনো পরিকল্পনা ও প্রস্তুতি অক্টোবরের মধ্যে শেষ করার। কিন্তু ভোট শুরুর পরিকল্পনা এখন নভেম্বরে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তব পরিস্থিতি ও নিয়ামকের ওপর নির্ভর করছে।’

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে তিনি বলেন, ‘তফসিল নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। তবে নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ যাতে করতে পারি, সে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। যেদিন ভোট গ্রহণ করা হবে, তার ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। তার মানে নভেম্বরে যদি ভোট হয়, তাহলে সেপ্টেম্বরের মাঝামাঝি তফসিল ঘোষণা করা হতে পারে।’

নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আমরা সব সময়ই বলে আসছি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি—এগুলো হলো নির্বাচনের জন্য আমার দৃষ্টিতে সবচেয়ে সহায়ক মাস। এ মাসগুলোর মধ্যে এপ্রিল ধরা যেতে পারে। এখন এর মধ্যে দুর্গা পূজা আছে কিনা, রমজান আছে কিনা, পরীক্ষা—বার্ষিক পরীক্ষা আছে কিনা, যদি থাকে, এসব বিষয় নিয়ে আমরা পরিকল্পনা করছি।’

ইউনিয়ন পরিষদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চান বলে জানান তিনি। আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আমরা একসঙ্গে পৌরসভাও করতে পারি।’