বন্যার কারণে শুধু ট্রেন চলাচলই বন্ধ হয়নি, অগ্রিম কাটা হাজারো টিকিটও ফেরত দিতে হয়েছে বাংলাদেশ রেলওয়েকে। এতে এখন পর্যন্ত প্রায় ৮৮ লাখ টাকা রাজস্ব হারিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশঙ্কা, কাউন্টারে আরো কিছু টিকিট ফেরত এলে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
এ ক্ষতি অবশ্য কয়েক দিনের টিকিট বিক্রির রাজস্ব হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, সাম্প্রতিক এ ঘটনা আবারো সামনে নিয়ে এসেছে কক্সবাজার রেলপথের দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতাকে। রোলিং স্টকের সংকট, কিছু অংশের পুরনো ও ঝুঁকিপূর্ণ অবকাঠামো এবং ভারি বর্ষণে রেললাইনে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার মতো সমস্যাগুলো রেল পরিচালনাকে বারবার অনিশ্চয়তার মুখে ফেলছে।
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এ কারণে ১৪ জুলাই পর্যন্ত মোট ১১ হাজার ৩৩৭টি টিকিট ফেরতের আবেদন জমা পড়ে। এসব টিকিটের বিপরীতে যাত্রীদের ৮৭ লাখ ৮৫ হাজার ৩৪৪ টাকা ফেরত দেয়া হয়েছে। অনলাইন ও স্টেশনের কাউন্টার—উভয় মাধ্যমেই রিফান্ড কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বাকি টিকিট ফেরতেরও আবেদন আসতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলের বাণিজ্যিক কর্মকর্তারা বলছেন, ক্ষতির হিসাব শুধু ফেরত দেয়া টিকিটের অর্থেই সীমাবদ্ধ নয়। ট্রেন চলাচল বন্ধ থাকায় সম্ভাব্য নতুন টিকিট বিক্রি ও যাত্রী পরিবহন থেকেও উল্লেখযোগ্য রাজস্ব হারিয়েছে রেলওয়ে। মূলত রেলপথ বন্ধ থাকায় ঢাকাসহ বিভিন্ন জেলার দূরপাল্লার অনেক যাত্রী বিশ্বের সর্ববৃহৎ সমুদ্রসৈকত শহরে ভ্রমণ বাতিল করায় রেলওয়ে সম্ভাব্য টিকিট বিক্রি আয় বঞ্চিত হয়েছে। সব মিলিয়ে পাঁচদিনের এ অচলাবস্থায় রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকায় পৌঁছেছে।
সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ চালুর পর থেকেই এটি দেশের অন্যতম চাহিদাসম্পন্ন রুটে পরিণত হয়েছে। বিশেষ করে পর্যটন মৌসুম ও ছুটির দিনে অধিকাংশ ট্রেনের টিকিট আগেভাগেই বিক্রি হয়ে যায়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে রেলপথ ক্ষতিগ্রস্ত হলে বিকল্প ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি রেলওয়েকেও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।
রেল কর্মকর্তারা বলছেন, জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমাতে রেললাইনের ঝুঁকিপূর্ণ অংশে টেকসই অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং প্রয়োজনীয় রোলিং স্টক বাড়ানোর বিকল্প নেই। তা না হলে ভবিষ্যতেও একই ধরনের প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজার রুটে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই যাবে।
জানা যায়, টানা বৃষ্টিতে ষোলশহর-দোহাজারী সেকশনের শমসেরপাড়া এলাকায় প্রায় ৫০০ মিটার রেললাইন পানির নিচে চলে যায়। সাধারণ অবস্থায় রেললাইনের ওপর চার থেকে পাঁচ ইঞ্চি পানি থাকলেও ট্রেন চলাচল সম্ভব। কিন্তু সেখানে পানির উচ্চতা বেড়ে প্রায় ২৪ ইঞ্চিতে পৌঁছায়। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় কক্সবাজারগামী ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে। ১২ জুলাই প্রকৌশল বিভাগ অতিরিক্ত পাথর ফেলে রেললাইন প্রায় ১০ ইঞ্চি উঁচু করে। ওই দিন সীমিত গতিতে বা ‘অ্যাডভান্স পাইলটিং’-এর মাধ্যমে ট্রেন চালানো হলেও পরে স্বাভাবিকভাবে চলাচল শুরু হয়।
এদিকে বন্যার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস ট্রেন দুটি চট্টগ্রাম পর্যন্ত চলাচল অব্যাহত রাখে। তবে চট্টগ্রাম থেকে কক্সবাজার অংশে ট্রেন চলেনি। একইভাবে চট্টগ্রাম-কক্সবাজার রুটের প্রবাল ও সৈকত এক্সপ্রেসও কয়েক দিন বন্ধ ছিল। রেলওয়ের পরিবহন বিভাগ বলছে, বিভিন্ন ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন থাকায় প্রকৃত অপারেশনাল ক্ষতির হিসাব কিছুটা কমলেও জনপ্রিয় রুটটিতে ট্রেন চলাচল টানা বন্ধ থাকায় যাত্রীসেবায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে।
জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীন বণিক বার্তাকে বলেন, ‘বিরূপ আবহাওয়া ও রেলপথে মাত্রারিতিক্ত পানিপ্রবাহের কারণে ৭-১১ জুলাই পর্যন্ত কক্সবাজারমুখী ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হয়। তবে প্রকৌশল বিভাগ রেললাইনের মধ্যে পাথর প্রবেশ করিয়ে লাইনটি অন্তত ১০ ইঞ্চি উঁচু করে ট্রেন চলাচলের জন্য রুটটি উন্মুক্ত করে দেয়। শুরুতে অ্যাডভান্স পাইলটিংয়ের মাধ্যমে ট্রেন চালানো হলেও বর্তমানে স্বাভাবিক নিয়মে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন অপারেশন চলছে। তবে যাত্রীরা ভ্রমণ করতে না পারায় বন্ধ থাকা সময়ের টিকিট ফেরত নিয়ে যাত্রীদের টাকা ফেরত দেয়া হয়েছে। অনেকেই কক্সবাজার কিংবা সরাসরি কক্সবাজার থেকে ঢাকা না গিয়ে খণ্ডিত পথ ভ্রমণ করেছেন।’
২০২৩ সালের শেষ দিকে চালু হওয়া দোহাজারী-কক্সবাজার রেলপথকে দেশের সবচেয়ে সম্ভাবনাময় রেল প্রকল্পগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০০ কিলোমিটার দীর্ঘ এ নতুন রেলপথে দৈনিক ৩১ জোড়া ট্রেন চলাচলের পরিকল্পনা ছিল। কিন্তু আড়াই বছর পেরিয়ে গেলেও বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে মিলিয়ে মাত্র চার জোড়া ট্রেন চলাচল করছে। এক্ষেত্রে প্রধান বাধা লোকোমোটিভ ও কোচের সংকট। নতুন রেললাইন নির্মাণ হলেও প্রয়োজনীয় রোলিং স্টক সংগ্রহে ধীরগতির কারণে যাত্রী চাহিদা অনুযায়ী ট্রেন বাড়ানো সম্ভব হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলের একাধিক কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, ‘রেলওয়ে বিগত দেড় দশকে বিপুল পরিমাণ অবকাঠামো নির্মাণে ব্যয় করেছে। এসব বিনিয়োগ সত্ত্বেও রোলিং স্টক বা কোচ-লোকোমোটিভ আমদানিতে রেলের অদৃশ্য ধীরগতি ছিল। যার কারণে নতুন নতুন রেললাইন নির্মাণ শেষে যাত্রী চাহিদা তৈরি হলেও সার্ভিস বাড়াতে পারেনি। বরং প্রতি মাসে রেলের বিভিন্ন রুটে ৮০০টির মতো ট্রেন চলাচল বন্ধ থাকে শুধু লোকোমোটিভ সংকটের কারণে।’
চট্টগ্রাম-দোহাজারী রেললাইনটি ব্রিটিশ আমলে নির্মিত। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে দুই দফায় ৪৭ কিলোমিটার রেললাইন সংস্কার করা হয়। এরপর ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর পরিকল্পনা থাকলেও বাস্তবে এখনো সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতেই ট্রেন চলাচল করছে। এছাড়া প্রায় শতবর্ষী কালুরঘাট রেলসেতুর পরিবর্তে নতুন সেতু নির্মাণের কাজও এখনো শুরু হয়নি। ফলে অবকাঠামোগত সীমাবদ্ধতা এ রুটের সক্ষমতাকে সীমিত করে রেখেছে।
বাংলাদেশ রেলওয়ে প্রতিদিন ৩৫০টির বেশি যাত্রীবাহী ট্রেন পরিচালনা করে। মাসে যাত্রী পরিবহন থেকে শত কোটি টাকার বেশি আয় করে। সে হিসাবে পাঁচদিনের জন্য একটি জনপ্রিয় রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়া শুধু সাময়িক রাজস্ব ক্ষতির ঘটনা নয়; বরং এটি দেখিয়ে দিয়েছে দেশের সবচেয়ে ব্যয়বহুল রেল প্রকল্পগুলোর একটির টেকসই পরিচালনায় এখনো বড় ধরনের ঘাটতি রয়ে গেছে।
রেল বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে ভারি বর্ষণ ও আকস্মিক বন্যা ভবিষ্যতে আরো ঘন ঘন দেখা দিতে পারে। তাই শুধু রেললাইন উঁচু করলেই হবে না; জলাবদ্ধতা-সহনশীল অবকাঠামো, পর্যাপ্ত লোকোমোটিভ ও কোচ এবং পুরনো সেতু প্রতিস্থাপনের মতো দীর্ঘমেয়াদি পদক্ষেপ না নিলে কক্সবাজার রেলপথে এমন বিঘ্ন ভবিষ্যতেও ফিরতে পারে। এতে যাত্রী ভোগান্তির পাশাপাশি বাড়বে রাষ্ট্রীয় বিনিয়োগের আর্থিক ঝুঁকিও।










