বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) গবেষণা অগ্রগতি কর্মশালায় কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন কৃষকসহ গবেষক ও কৃষি সাংবাদিকদের সম্মাননা দেয়া হয়েছে। শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়।

এ কর্মশালায় ছয়জন কৃষককে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার ২০২৬’ দেয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন যশোরের নজরুল ইসলাম, নেত্রকোনার মো. সায়েদ আহমেদ খান, ফুলবাড়িয়ার মোছা. নার্গিস পারভীন, ত্রিশালের মোহাম্মদ ইসরাফিল, ভালুকার মো. সাইফুল ইসলাম এবং ফরিদপুরের তানিয়া পারভীন।

কৃষি যান্ত্রিকীকরণে অবদানের জন্য নজরুল ইসলামকে এবং আধুনিক মৎস্য খামার গড়ে তোলার জন্য মো. সাইফুল ইসলামকে সম্মাননা দেয়া হয়। মো. সায়েদ আহমেদ খান নিজ উদ্যোগে ৫৪০ প্রজাতির ধানের বীজ সংগ্রহশালা গড়ে তোলেন বলে জানানো হয়। সমন্বিত কৃষি খামার গঠন ও বিস্তারে অবদানের জন্য মোছা. নার্গিস পারভীনকে পুরস্কৃত করা হয়। মোহাম্মদ ইসরাফিল কৃষির আধুনিকায়নের মাধ্যমে গবাদিপশু, হাঁস-মুরগি ও মাছের খাদ্য উৎপাদনকারী একটি ফিড মিল প্রতিষ্ঠার জন্য সম্মাননা পান। তানিয়া পারভীন কেঁচো কম্পোস্ট প্রযুক্তি ব্যবহার করে প্রতিদিন গ্যাস উৎপাদন করছেন এবং সেই প্রযুক্তির মাধ্যমে ফরিদপুরের ৫০টি পরিবারে গ্যাস সরবরাহ করছেন বলেও উল্লেখ করা হয়।

বাউরেস ১৯৮৪ সালে বিভিন্ন গবেষণা প্রকল্পের সমন্বয় ও ব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠিত হয়। প্রতিবছরের মতো এবারো ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা অগ্রগতি কর্মশালা ২০২৪–২০২৫’ আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গত ৩ বছরের প্রকাশনা, গুগল স্কলার ও রিসার্চগেটের এইচ-ইনডেক্সের ভিত্তিতে নির্বাচিত ২৫ জন গবেষকের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজনকে ‘গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৫’ দেয়া হয়। পাশাপাশি অনুষদভিত্তিক সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরিতে আরও ১২ জন গবেষককে একই স্বীকৃতি দেয়া হয়।

এছাড়া গবেষণায় নেতৃত্ব, বহিঃসংস্থার গবেষণা অনুদান সংগ্রহ ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসানকে ‘বাউ রিসার্চ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ দেয়া হয়। কৃষি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহসভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার বাকৃবি প্রতিনিধি মো. আমান উল্লাহকে ‘বাউরেস কৃষি সাংবাদিকতা পুরস্কার ২০২৬’ প্রদান করা হয়।

বাউরেস কর্তৃপক্ষ জানায়, তিন দিনব্যাপী এ কর্মশালায় মোট ২১টি প্যারালাল টেকনিক্যাল সেশন এবং অনুষদভিত্তিক ৬টি পোস্টার সেশন অনুষ্ঠিত হবে। এতে মোট ৫৩৯টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন করা হবে। মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি টেকনিক্যাল সেশন থেকে একজন করে মোট ২১ জন সেরা উপস্থাপককে পুরস্কৃত করা হবে। পাশাপাশি প্রতি অনুষদ থেকে তিনজন করে মোট ১৮ জনকে সেরা পোস্টার উপস্থাপক হিসেবে সম্মাননা দেয়া হবে।