রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের ১৬ জন শিক্ষার্থী ২০২০ সালের কলা অনুষদ ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছেন। অনুষদের আওতাভুক্ত ১২টি বিভাগের বিএ ও বিপিএ (সম্মান) পরীক্ষায় বিভাগে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। আজ সোমবার বেলা ১১টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
পুরস্কার প্রাপ্তরা হলেন, দর্শন বিভাগের উর্মি সারোয়ার ও মোসা. সাদিয়া আফরোজ রুশি, ইতিহাস বিভাগের মোছা. আদিলা আক্তার নিপা ইংরেজি বিভাগের মো. ঈশান শাহরিয়ার, বাংলা বিভাগের মোছা. সেতু খাতুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. নূর হোসেন, তামজিদা সুলতানা ও আহসান উল্লাহ, আরবি বিভাগের মুহা. আবু ইউসুফ আলী, ইসলামিক স্টাডিজ বিভাগের আবু রাসেল সিদ্দীকি ও শেখ ছাইফুল্লাহ জিহাদী, সঙ্গীত বিভাগের রিফাহ্ নানজীবা প্রমা, নাট্যকলা বিভাগের প্রিয়াংকা সেন মৌ, ফারসি ভাষা ও সাতিহ্য বিভাগের মোছা. সোহাগী খাতুন, সংস্কৃত বিভাগের এলিনা আক্তার লুসি এবং উর্দু বিভাগের সুরাইয়া পারভীন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং একটি করে ক্রেস্ট, সনদপত্র ও ৫ হাজার টাকা দেয়া হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, কৃতি শিক্ষার্থীদের এ স্বীকৃতি তাদের পাশাপাশি অন্যদেরও আগামীতে আরো বড় অর্জনের জন্য অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবি কোষাধ্যক্ষ অধ্যাপক (অব.) অবায়দুর রহমান প্রামানিক। কলা অনুষদের প্রধান অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরবি বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন, রাবির রেজিস্ট্রার, অনুষদ কর্মকর্তারা, বিভাগীয় সভাপতি ও শিক্ষকবৃন্দ, প্রক্টর, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন, প্রিয়াংকা সেন মৌ, মোছা. সোহাগী খাতুন, এলিনা আক্তার লুসি ও সুরাইয়া পারভীন।









