কুষ্টিয়ায় দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলাসহ দুটি হত্যা চেষ্টা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (৯ মার্চ) বেলা আড়াইটার দিকে তাকে ঢাকা থেকে কড়া পুলিশ পাহারায় কুষ্টিয়ায় নিয়ে আসা হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৮ সালের ২২ জুলাই একটি মানহানির মামলায় কুষ্টিয়া আদালতে হাজিরা দিতে আসেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আদালত চত্বরে হামলার শিকার হন তিনি। এ ঘটনায় ২০২৪ সালের ১০ অক্টোবর মাহমুদুর রহমান নিজে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। মামলায় ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়। এ মামলায় ইনু ছিলেন চার নম্বর আসামি।
এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মসূচিতে হামলার ঘটনায় আহত শরিফুল ইসলাম আরো একটি হত্যা প্রচেষ্টা মামলা করেন। ওই মামলাতেও ইনুকে আসামি করা হয়। ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় আরো পাঁচটি মামলা রয়েছে।
উল্লেখ্য, আজ আদালতে হাজির করা হলে বিপুল সংখ্যক জাসদ নেতাকর্মী সেখানে ভিড় করেন। শুনানি শেষে পুলিশ পাহারায় যখন তাকে প্রিজন ভ্যানে তোলা হয়, তখন তিনি সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।










