রাজধানীর পশ্চিম ভাসানটেকে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে দগ্ধ ছয়জনের মধ্যে মোছা. মেহেরুন্নেছা (৬৫) নামে এক নারী মারা গেছেন।

আজ শনিবার (১৩ এপ্রিল) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ এপ্রিল) রাজধানীর মিরপুরের ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য। শুক্রবার ভোরে ভাসানটেক ১৩ নম্বর কালভার্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মেহরুন্নেছা (৬৫), সূর্য বানু (৩০), লিজা (১৮), লামিয়া (৭), সুজন (৯) ও মো. লিটন (৫২)।

জানা গেছে, মশার কয়েল ধরাতে গিয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের নারী-শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। পরে ভোর সোয়া ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়।