কিছুক্ষণ পর আবার বিক্ষোভ মিছিল করবেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম রাত নয়টার দিকে বণিক বার্তাকে এ তথ্য জানিয়েছেন। এই মিছিল শুরু হবে শহীদ মিনারের সামনে থেকে। মিছিল শেষে তাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। 

এদিকে দিনভর সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়।

ঢাবি ক্যাম্পাসে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির পর ঢাবি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হলে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। ছাত্রলীগ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। এতে কয়েকশ শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। দুই শতাধিক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন। অনেকে এখনও সেখানে চিকিৎসা নিচ্ছেন। ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে, উস্কানিমূলক স্লোগান-বক্তব্য ও হলের শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর পর ছাত্রলীগ তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে।