সিরাজগঞ্জের সলঙ্গায় পারিবারিক কলহের জের ধরে শামীম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী শিরিন খাতুনের (৩৫) বিরুদ্ধে। নিহত শামীম হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া পূর্বপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
গতকাল সকালে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শিরিন পলাতক রয়েছেন বলে জানা যায়।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত শামীমের মরদেহ বাড়িতে পড়ে থাকতে দেখেন তারা। তবে তার স্ত্রী শিরিনকে বাড়িতে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে শিরিন পালিয়ে গেছেন।
তিনি আরো জানান, নিহতের মাথায় বঁটির গভীর আঘাত রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে স্বামীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছেন স্ত্রী। নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।









