দিনাজপুরের হিলিতে করোনার উপসর্গ নিয়ে সাহেব আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সম্প্রতি ওই বৃদ্ধ ও তার পরিবার ঢাকার সাভার থেকে তার বাড়িতে এসেছিল। এদিকে তার নমুনা পরীক্ষায় ‘নেগেটিভ’ আসলেও তার ছেলে মিলন হোসেন (৩০) এর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। 

আজ বুধবার সকাল ৮টায় তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তাদের বাড়ি হিলির জাংগই গ্রামে। স্বাস্থ্যবিধি মেনে দুপুরে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুস সাঈদ বলেন, ১০ দিন আগে সাহেব আলী নামের ওই ব্যক্তি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার সাভার থেকে হিলির জাংগই গ্রামে তার নিজ বাড়িতে আসেন। এসময় তার করোনার উপসর্গ জ্বর সর্দি ছিল, সংবাদ পেয়ে পরেরদিন আমরা তার ও পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে গত সপ্তাহে পরীক্ষার জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিলাম। আজ সকাল ৮টায় সাহেব আলী তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। পরে সকাল ১১টার দিকে নমুনা পরীক্ষার ফল আসলে তাতে সাহেব আলীর নেগেটিভ আসে। তবে তার ছেলে মিলনের পজিটিভ শনাক্ত হয়। 

তিনি আরো জানান, মৃত সাহেব আলী সাভারে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন, আর তার ছেলে ঢাকায় রিকশা চালাতেন। সাহেব আলীর স্ত্রী অন্যের বাসা-বাড়িতে বুয়ার কাজ করতেন। ইতোমধ্যেই সাহেব আলীর বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সাথে সরকারি নির্দেশনা মোতাবেক স্বেচ্ছাসেবী সদস্যদের দিয়ে স্থানীয় গোরস্থানে তার দাফন কার্য সম্পাদন করা হয়েছে।