কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার কুতুপালং এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন।

নিহতরা হলেন স্থানীয় একটি মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার চাচাতো বোন শাহিনা বেগম (৪০)।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান, আব্দুল্লাহ আল মামুন ও তার চাচাতো ভাই আব্দুল মান্নানদের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে কয়েকদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তিনজনের মৃত্যু হয়েছে।

উখিয়া থানার ওসি আরিফ হোসাইন জানান, কুতুপালং এলাকায় জমির বিরোধ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।