দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়নে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী জনগণের সার্বিক সহায়তায় দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও দৃশ্যমান অগ্রগতি করা সম্ভব হবে বলে আশা করা যায়।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. নূরুল ইসলামের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি হয়েছে মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, খুন, ছিনতাই, অপহরণ বা অন্য যে কোনো ধরনের অপরাধ দমনে পুলিশ তৎপরতা জোরদার করেছে। জুলাই বিপ্লব-পরবর্তী ভঙ্গুর দশা থেকে পুলিশের মনোবল ফিরিয়ে এনে পূর্ণ শক্তিতে কাজ করার উপযোগী করা হচ্ছে।

তিনি বলেন, এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশ বিভিন্ন অপারেশনাল কার্যক্রমের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।