দিনাজপুরের ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির (পুষ্টি) ৮৬৯ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। পরে তা ডিলারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। আগামীকাল সোমবার এসব চাল পুষ্টি কার্ডধারীদের মাঝে প্রশাসনের উপস্থিতিতে বিতরণ করা হবে।

আজ রবিবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের স্ত্রী ও চালের ডিলার রহিমা বেগমের বাগান বাড়ি থেকে এই চালগুলো উদ্ধার করা হয়। এসময় সেখানে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম, ওসি আমিরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম বলেন, একটি বাসায় বেশ কিছু সরকারি চাল রয়েছে এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আজ রবিবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের বাগান বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে বেশ কিছু সরকারি চাল আমরা পেয়েছি। সেই চালগুলো আমরা জব্দ করেছি, সেগুলো ডিলারের জিম্মায় রেখে দিয়েছি। তবে তারা বলছে এগুলো পুষ্টির চাল আমরা সে তথ্যগুলি যাচাই বাছাই করছি, তবে পুষ্টি কার্ডধারী যারা রয়েছেন তারাই যেন এসব চাল পায় আগামীকাল প্রশাসনের উপস্থিতিতে তা বিতরণ করা হবে।

তিনি আরো বলেন, ত্রাণ নিয়ে বিভিন্ন স্থানে নানারকম কথাবার্তা হচ্ছে। এটি যেন আমাদের এই এলাকাতে না ঘটে ও সঠিক মানুষটি যেন সরকারি সহযোগিতা পায় সেটি নিশ্চিতের জন্য আমরা এখানে এসেছি।