চাঁপাইনবাবগঞ্জের দ্বারিয়াপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক সাদ্দাম হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।
নিহত ব্যক্তি রাজশাহী জেলার রামচন্দপুর মহল্লার সাইদুর রহমানের ছেলে। আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই এলাকার নজরুল ইসলাম ও একই উপজেলার মহারাজপুর এলাকার সুমন।
আজ সোমবার (১০ মার্চ) সকাল সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সকাল সাতটার দিকে দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপর বিপরীত দিকে থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক সাদ্দাম হোসেন ঘটনাস্থলে মারা যান। আর সুমন ও নজরুল গুরুত্বর আহত হলে ফায়ার সার্ভিস কর্মীরা চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সুইট নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সাদ্দাম হোসেন ঘটনাস্থলে মারা যান। আর এ ঘটনায় সুমন ও নজরুল গুরুত্বর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি বলে জানান ওসি মতিউর রহমান।










