আইসিসি নারী টি২০ বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে আইরিশদের উড়িয়ে দিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গতকাল টস জিতে আগে ব্যাটিং করে ১৪৩ রান তোলেন নিগার সুলতানারা। পরে সালমা, সানজিদা ও নাহিদার ঘূর্ণিজাদুতে ১২৯ রানে অলআউট হয় আয়ারল্যান্ডের মেয়েরা। সব মিলিয়ে ব্যাটিং-বোলিংয়ের দারুণ কম্বিনেশনে ১৪ রানে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ৫৩ বলে ৬৭ রানের ঝড়ো ব্যাটিং করে ম্যাচসেরা হয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা।

বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ১৬ বলে ৩ চারে ১৬ রান করে রিচার্ডসনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন মোর্শেদা খাতুন। এ ওপেনারের বিদায়ের পর ওপেনার শামিমা সুলতানাকে সঙ্গে নিয়ে ৬২ রানের দারুণ এক জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৪০ বলে ৭ চারে ৪৮ রান করে আউট হন শামিমা। আর নিগার ৫৩ বলে ১০ চার ও ১ ছক্কায় ৬৭ রান করে আউট হন। এছাড়া সোবহানা মোস্তারি ৭ বলে ৪ রান করেন। রিতু মনি ৫ বলে ৩ রান করে অপরাজিত থাকেন। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে আইরিশদের ১৪৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ।

খেলতে নেমে বাংলাদেশের স্পিনারদের সামনে খেই হারায় আইরিশরা। ৫ রানে দুই উইকেট হারিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে আয়ারল্যান্ড। লরা ডেলানিকে সঙ্গে নিয়ে ওপেনার হ্যামি হান্টার প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৪৫ রানের জুটির পর সালমা খাতুন রান আউট করেন ভয়ংকর হয়ে ওঠা হ্যামি হান্টারকে (৩৩)। কিছুক্ষণ পর সালমার শিকার হন লরা ডেলানি (২৮)। এরপর ইমার রিচার্ডসন একাই লড়াই চালিয়ে যান। নবম উইকেট হিসেবে রিচার্ডসন রান আউট হতেই ম্যাচটি চলে আসে হাতের মুঠোয়। ২৬ বলে সর্বোচ্চ ৪০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন আইরিশ এ ব্যাটার। যদিও যোগ্য সঙ্গীর অভাবে ১৯.৪ ওভারে ১২৯ রানে থেমে যায় তাদের ইনিংস। বাংলাদেশের বোলারদের মধ্যে সালমা খাতুন ১৯ রানে ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া সানজিদা আক্তার ও নাহিদা আক্তার নিয়েছেন দুটি করে উইকেট।