স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোশাকে সরকারি অফিস, করপোরেট অফিস, পারিবারিক বাসস্থান, শপিংমল ও দোকানে তল্লাশি চালাচ্ছে এবং ফোনকলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে। এ বিষয়ে জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোশাকে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও র‍্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া এ ধরনের কোনো অভিযান পরিচালনা করে না। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনসাধারণের সার্বিক সহযোগিতা চেয়েছে সেনাবাহিনী। —আইএসপিআর