নওগাঁর বদলগাছীতে পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে টুরিস্ট পুলিশ। আজ সোমবার তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটক ওই ব্যক্তির নাম আব্দুল মাবুদ। তিনি জয়পুরহাট জেলার চন্ডিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয়দের কাছে তিনি টিকটকার ‘হিরো নানা’ নামে পরিচিত।

জানা গেছে, সপ্তাহখানেক আগে পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসেন এক চীনা নাগরিক। পাহাড়পুরে অবস্থানকালে আব্দুল মাবুদ ওরফে হিরো নানা ওই বিদেশী পর্যটককে নানাভাবে হেনস্তা করেন এবং তার অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হলে তা দ্রুত ভাইরাল হয় এবং বিষয়টি নিয়ে সচেতন মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চীনা ওই পর্যটককে নানা প্রশ্ন করেন তিনি। তবে বাংলা না বোঝায় এ সময় তাকে নিয়ে তাচ্ছিল্যও করা হয়।

পাহাড়পুর ট্যুরিস্ট পুলিশের সাব ইন্সপেক্টর মেসবাহুল হক বলেন, বিষয়টি ট্যুরিস্ট পুলিশ পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনিটের নজরে আসলে দ্রুত অভিযানে নামে পুলিশ। দেশের ভাবমূর্তি রক্ষা এবং বিদেশী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত তৎপরতার সঙ্গে আব্দুল মাবুদকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বদলগাছী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর গর্ব এবং বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এখানে আসা যেকোনো বিদেশী পর্যটককে কেউ হেনস্থা করলে তার বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।