এসব মামলার সঠিক ঘটনা উদঘাটনে প্রায় ৪০ জিবি তথ্য-উপাত্ত, ফরেনসিক আলামত ও সংশ্লিষ্টদের ভূমিকা বিশ্লেষণ করছে সংস্থা‌টি।  

গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই আন্দোলনের মামলার অগ্রগতি নিয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ কথা জানান।

তি‌নি বলেন, ‘‌ডিবিতে জুলাই আন্দোলনসংশ্লিষ্ট ৫৯টি মামলা তদন্তাধীন রয়েছে। প্রতিটি মামলায় আসামির সংখ্যা অনেক। তাদের অবস্থান শনাক্ত করা, কে কী ভূমিকা পালন করেছেন তা যাচাই করা এবং ফরেনসিক তথ্য-প্রমাণ বিশ্লেষণের কাজ চলছে। প্রায় ৪০ জিবি ডাটা পর্যালোচনা করতে হচ্ছে। আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মামলাগুলোর তদন্ত করছি।’

ডিএমপির অতিরিক্ত কমিশনার আরো বলেন, ‘‌আইনের মধ্যে থেকে সঠিক তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের লক্ষ্যে তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে।’

জুলাই আন্দোলন ঘিরে একই ঘটনায় একাধিক মামলা ও মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার জানান, এসব মামলা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, ‘‌ডিএমপিতে একটি মনিটরিং সেল রয়েছে। প্রতি ১৫ দিন পরপর মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়।’