ছুটির দিন হলেও আজ সকালের ঢাকার বাতাসের মানে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় এদিন দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

শুক্রবার সকাল ১১টায় ঢাকার বায়ুর মান ২৬৭, যা ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। এমনকি শহরের কিছু এলাকায় দূষণের মাত্রা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন সকালে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে দূষণে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। এ সময় ঢাকার বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে ২৬৭। একই সময়ে ৪৩৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বসনিয়া হারজিগোভিনার সারায়েভো। দূষণ তালিকায় ২১৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা, ২০৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে দিল্লি এবং ২০০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।

এদিকে ঢাকার সামগ্রিক বায়ুমান খুব অস্বাস্থ্যকর হলেও নির্দিষ্ট কিছু এলাকায় দূষণের মাত্রা মারাত্মক বা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে নিকুঞ্জ এলাকার এএসএল সিস্টেমস লিমিটেড পয়েন্টে দূষণের মাত্রা ছিল ৪১৮, যা আইকিউএয়ারের মান অনুযায়ী ‘দুর্যোগপূর্ণ’।

এছাড়া অন্য দূষিত এলাকাগুলোর মধ্যে ধানমন্ডিতে বায়ুমান সূচক ছিল ২৯৫, পল্লবীতে ২৮২, মিরপুর ইস্টার্ন হাউজিংয়ে ২৭৪, বে’জ এইজ ওয়াটারে ২৭১, বেচারাম দেউড়িতে ২৭০, গোড়ানে ২৪৯, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলে ২৩৮ এবং পীরেরবাগ রেললাইন এলাকায় ২০৪।

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, ঢাকার বাসিন্দাদের বাড়ি থেকে বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে। সেইসঙ্গে এমন দূষণের মধ্যে বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে বলা হয়েছে।