যশোরের ঝিকরগাছা পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন তিন মেয়র ও ১০ কাউন্সিলর প্রার্থী। গতকাল প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। দীর্ঘ ২১ বছর পর রোববার ঝিকরগাছা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ১ হাজার ২০ ভোটে এগিয়ে রয়েছেন। কিন্তু একটি কেন্দ্র নিয়ে মামলা জটিলতার কারণে ফল প্রকাশ স্থগিত রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত তিন পরাজিত মেয়র প্রার্থীর মধ্যে লিখিত বক্তব্য পাঠ করেন ছেলিমুল হক সালাম। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, রবিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ ভালো ছিল। এরপর নৌকা প্রতীকের মোস্তফা আনোয়ার পাশা জামালের সন্ত্রাসী বাহিনী প্রতিটা ভোট কেন্দ্রে ঢুকে প্রকাশ্যে বলছে এখন থেকে ভোট সব নৌকায় দিতে হবে এবং ইভিএম মেশিনের পাশে দাঁড়িয়ে জোর করে ভোট নিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেয়র পদে পরাজিত স্বতন্ত্র প্রার্থী একেএম আমানুল কাদির টুল্লু, ইমতিয়াজ আহমেদ শিপন, পরাজিত কাউন্সিলর প্রার্থী কলিম হোসেন মৃধা বাবু, নিমাই চন্দ্র ঘোষ, মতিয়ার রহমান, সাইফুল আলম সুজন, আবদুর রাজ্জাক লিটন, শরিফুল ইসলাম, আজাদ রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নাছিমা খাতুন, পপি বেগম ও চিত্রা রাণী কর।