বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে আরো আধুনিক, দক্ষ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে স্মার্ট রোড ট্রান্সপোর্ট নেটওয়ার্কের জন্য সমন্বিত টোলিং কৌশল প্রণয়ন বিষয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের সঙ্গে সোমবার (২১ সেপ্টেম্বর) সেতু ভবনে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকের শুরুতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ প্রতিনিধি দলকে বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের যোগাযোগ খাতে যে আমূল পরিবর্তন হচ্ছে সেই চিত্র তুলে ধরেন।
বৈঠকে দেশের সড়ক, সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে ও টানেলসমূহে বিদ্যমান টোল আদায় ব্যবস্থাকে আরো আধুনিক ও সমন্বিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ইলেক্ট্রনিক টোল কালেকশন, আন্তঃসংযোগযোগ্য টোলিং ব্যবস্থা, ক্যাশলেস লেনদেন, স্বয়ংক্রিয় টোল আদায় এবং প্রযুক্তিনির্ভর টোল ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকে সেতু সচিব বলেন, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে একটি সমন্বিত টোলিং ব্যবস্থা গড়ে তোলা গেলে টোল আদায়ের কার্যক্রম আরো দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হবে এবং ভবিষ্যতের স্মার্ট সড়ক পরিবহন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামো শক্তিশালী হবে।
এছাড়া, বাংলাদেশের বিদ্যমান টোলিং ব্যবস্থার বর্তমান অবস্থা, বিভিন্ন সংস্থার ব্যবহৃত প্রযুক্তি, টোল আদায়ের প্রক্রিয়া, তথ্যের আন্তঃসংযোগ এবং ভবিষ্যতে একটি সমন্বিত টোলিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন সেতুতে ইলেক্ট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালু করেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পদ্মা সেতুতে ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে নন-স্টপ ও ক্যাশলেস সেবা চালু রয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে যানবাহনকে টোল প্লাজায় না থামিয়েই টোল পরিশোধের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া চলতি বছরের জুন মাসে সেতু বিভাগে অনুষ্ঠিত এক স্টেকহোল্ডার সভায় দেশের সড়ক, সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে ও টানেলের বিভিন্ন ইটিসি ব্যবস্থাকে একটি একক ও আন্তঃসংযোগযোগ্য নেটওয়ার্কের আওতায় আনার বিষয়ে উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ নিয়ে আলোচনা হয়।
এডিবির ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন বাংলাদেশের বিদ্যমান টোলিং ব্যবস্থা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা ও প্রযুক্তিগত অবকাঠামো পর্যালোচনা করে সমন্বিত টোলিং কৌশল প্রণয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও সুপারিশ প্রদান করবে।










