কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসস।

তিনি আজ শুক্রবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি ইউনিটে যান এবং সহিংসতার সময় আহত হয়ে চিকিৎসাধীনদের খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা ও স্থানীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে অগ্নিসংযোগ ও ভাংচুরে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দেখতে রাজধানীর মিরপুর ১০-এ মেট্রোরেল স্টেশন এবং শুক্রবার সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।