ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য ঘিরে বিরোধীদলীয় জোটের ওয়াক আউটের বিষয়ে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা স্পিকারের কাছে বলেছিলাম, ফ্যাসিবাদের দোসর এমন কেউ এ সংসদে বক্তব্য দিতে পারবে না। কারণ এ সংসদ হচ্ছে ফ্যাসিবাদমুক্ত সংসদ। হাজারো মানুষের রক্তের ওপর দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা এ সংসদ পেয়েছি।
তিনি আরো বলেন, আজ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ছিল। সেই অধিবেশন উপলক্ষে সরকারি দল, বিরোধী দল—আমরা সবাই জাতীয় সংসদের কার্যক্রমে অংশগ্রহণ করেছি। কার্যক্রমের শুরু থেকে নিয়মতান্ত্রিকভাবে সবগুলো অংশে আমরা অংশ নিয়েছি এবং আমাদের বক্তব্য রেখেছি।
নাহিদ বলেন, যারা নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, তারা নির্বাচিত হতে পেরেছেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং ফ্যাসিবাদকে বিতাড়িত করার মাধ্যমে। ফলে ফ্যাসিস্টের সঙ্গে জড়িত এমন কেউ এ পার্লামেন্টে বক্তব্য দিতে পারবেন না।
তিনি আরো বলেন, যখন রাষ্ট্রপতি বক্তব্য দিতে এসেছেন, আমরা স্পিকারের কাছে বারবার আহ্বান করেছিলাম আমাদের এ বিষয়ে বক্তব্য রয়েছে। সেই বক্তব্য বিরোধীদলীয় নেতা উপস্থাপন করবেন। কিন্তু সেই সময়টা আমাদের দেয়া হয়নি, আমাদের কোনো ফ্লোর দেয়া হয়নি। এর প্রতিবাদ জানিয়ে সেখান থেকে ওয়াকআউট করেছি।










