ব্যানার ছেঁড়া নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এদিকে, এ সংঘর্ষের খবরের পরপরই সিকৃবির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সিকৃবি ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. সাহেদুল ইসলাম রুমেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার তদন্তে দুই সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করেছে কেন্দ্রীয় কমিটি।

গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে ক্যাম্পাসের ২ নম্বর গেটে এ ঘটনা ঘটে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক।

প্রক্টর জানান, কৃষি গুচ্ছ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের প্রধান দুই ফটকে দলীয় ব্যানার টানায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পরবর্তীতে কে বা কারা ব্যানার ছিঁড়ে ফেললে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, এ সংঘর্ষের খবরের পরপরই সিকৃবির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। রাত দুইটার পর দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিকৃবি ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. সাহেদুল ইসলাম রুমেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ঘটনার তদন্তে দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কমিটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই এ ইউনিটির নতুন কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।'