টাঙ্গাইলের সখীপু‌রে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিতর‌ণে অনিয়মের অভিযো‌গে এক ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা ও তার লাইসেন্স বাতিল করেছে ভ্রাম্যমাণ আদালত।  আরিফ সরকার নামে ওই ডিলার সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি উপজেলার কাকড়াজান ইউনিয়নের সাপিয়াচালা এলাকার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার ও ওই এলাকার মৃত আ. গফুর সরকারের ছেলে। 

জানা যায়, গত ৫ এপ্রিল রবিবার সকালে উপজেলা খাদ্য গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টন চাল তুলে এলাকার উদ্দেশ্যে নিয়ে যায়। চালগুলো উপজেলার কাকড়াজান ইউনিয়নের সাপিয়াচালা এলাকার কার্ডধারী গরীব দুঃস্থদের মধ্যে ১০ টাকা কেজি দামে প্রত্যেককে ৩০ কেজি করে দেওয়ার কথা ছিল। কিন্ত তিনি গরীব লোকদের চাল না দিয়ে তা অন্যত্র খোলা বাজারে বিক্রি করে দেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যন তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, ওই এলাকার তিনজন লোক আমাকে জানিয়েছে, তাদের চাল না দিয়ে ৩০০ করে টাকা দিয়ে বিদায় করে দেন ডিলার আরিফ। এ ঘটনায় তাৎক্ষণিক আরিফ সরকারকে ফোন করি। এ নিয়ে ওই ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা ডিলার আরিফ সরকারকে আটক করেন। পরে সন্ধ্যায় দেড় লাখ টাকা জরিমানা ও তার ডিলারশিপ বাতিল করে তাকে মুক্তি দেন।

ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, ওজনে কম, বিক্রিতে অনিয়ম ও তালিকাভুক্ত হতদরিদ্রদের সঙ্গে প্রতারণার দায়ে তার লাইসেন্স বাতিল ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।