জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন রুটে বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হয়েছে। মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে। নতুন এ ভাড়ার হার গতকাল থেকে কার্যকর হয়েছে।

এ বিষয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। একইভাবে আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়াও নির্ধারণ করা হয়েছে। বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বাস-মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ (বিআরটিএ) বা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুমোদন নিতে হবে।

তবে নতুন এ ভাড়ার হার গ্যাসচালিত বাস-মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। একইসঙ্গে প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার হার বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণসংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হলো। জনস্বার্থে জারি করা নতুন ভাড়ার হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।