আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে
তাজিয়া মিছিল শুরু হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় বের হওয়া এ মিছিলে শিয়া সম্প্রদায়ের
হাজারো মানুষ অংশ নিয়েছে। মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিয়েছে পুলিশ।
পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয় মিছিলটি। খালি পায়ে, বুক চাপড়ে
‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে মিছিলটি লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত
ঘুরে, সায়েন্স ল্যাবরেটরি মোড়, কারওয়ান বাজার হয়ে ধানমন্ডির দিকে এগিয়ে যায়। পরে ধানমন্ডি
লেকের
পাড়ে
প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হবে শোকের মিছিল।
তাজিয়া মিছিলে কারবালার স্মরণে কালো মখমলের চাঁদোয়ার নিচে কয়েকজন
বহন করেন ইমাম হোসেনের (রা.) প্রতীকী কফিন। মিছিলের সামনে ছিল ইমাম হাসান ও ইমাম হোসেনের
দুটি প্রতীকী ঘোড়াও।
পুলিশ জানিয়েছে, লালবাগের হোসেনি দালান ইমামবাড়া, বড় কাটারা ইমামবাড়া
ও এর আশপাশের শিয়া সম্প্রদায় কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী তাজিয়া (শোক)
মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা দেয়া হচ্ছে।










