কোটা সংস্কার আন্দোলনসংক্রান্ত দেশের চলমান পরিস্থিতি নিয়ে গতকাল বিদেশী কূটনীতিকদের ব্রিফ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাজধানীর যমুনা গেস্ট হাউজে গতকাল বিকাল ৪টা থেকে বিভিন্ন দেশের কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে গত এক সপ্তাহব্যাপী কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির বিস্তারিত, এ বিষয়ে সরকারের পদক্ষেপ, বর্তমান পরিস্থিতি, সুপ্রিম কোর্টের গতকাল প্রকাশিত চূড়ান্ত রায় ও সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অচিরেই এ অস্থিতিশীলতা ও অচলাবস্থার অবসান হবে এবং পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে—এ আশাবাদ ব্যক্ত করা হয় এবং কারফিউ চলাকালীন কূটনীতিকদের নির্বিঘ্নে চলাচলের জন্য বিশেষ পাস দেয়ার বিষয়ে অবগত করা হয়।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজ দেয়া হয়েছে। প্রেস রিলিজে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা প্রথার সংস্কারসংক্রান্ত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে অনুপ্রবেশ করে স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তির চালানো হামলা ও সংঘাতের ব্যাপারে বাংলাদেশ সরকার দুঃখ প্রকাশ করছে। এ সংঘাত ও হামলার ফলে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট ও দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার বিষয়ে কূটনীতিকদের দুশ্চিন্তার বিষয়ে সরকার অবগত রয়েছে।










