নরসিংদীর শিবপুরে নিখোঁজের ৬ দিন পর সোহেল রানা (২৫) নামের এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ভুরবুড়িয়া গ্রামের চকেরবাড়ির একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল রানা নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের জগতপুর গ্রামের চেদু মিয়ার পুত্র। তিনি তার মা-বাবার সঙ্গে নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ৬ মার্চ সন্ধ্যায় ইফতারের পর অটোরিকশা নিয়ে বের হয় সোহেল। রাতে বাড়ি না ফিরলেও পরদিন সকালে শিবপুরের ভুরবুড়িয়া এলাকার ব্রিজ মোড় এলাকায় অটোরিকশা পাওয়া যায়। গতকাল সকালে স্থানীয় লোকজন সোহেল রানার অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, নিখোঁজের ঘটনায় নিহতের পরিবার শিবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত।