হিলির পার্শ্ববর্তী বিরামপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আব্দুল বাকী (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।  রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৬জনকে আটক করেছে।

গতকাল সোমবার দিবাগত রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল বাকী মারা যান। আব্দুল বাকী বিরামপুর পৌর এলাকার পার ভবানিপুর গ্রামের আব্দুর রহিম মুন্সির ছেলে। 

এঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।  আটককৃতরা হলেন, এমদাদুল হক, নুর আলম, এনামুল হক, মামুনুর রশিদ, ইউসুফ আলী ও গোলাম মোস্তফা। আটককৃতরা সকলেই ওই এলাকার বাসিন্দা।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, জমি জমা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সোমবার দুপুরে কচু ক্ষেতের জমিতে পরিচর্যা করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বেশ কয়েকজনকে গুরুত্বর আহত করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুল বাকির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে আবদুল বাকী মারা যান।