অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাম্প্রতিককালে সংগঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র-জনতাকে দেখতে বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বুধবার (২১ আগস্ট) সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে বর্ডার গার্ড হাসপাতালে আসেন। এসময় তিনি সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র-জনতার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। উপদেষ্টা আহতদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাসপাতালে আহতরা বেশ অবস্থায় আছেন। আহতদের আত্মীয়স্বজনদেরও থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা এই হাসপাতালের জন্য অথোরাইজড না এমন ২২/২৩ জন রোগীকেও এখানে রাখা হয়েছে। ছাত্র থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এখানে চিকিৎসা পাচ্ছেন। ডিজি মহোদয় বললেন, উনারা হয়তো আরো কিছু রোগী এখানে আনবেন। এখানকার পরিবেশ যেমন সুন্দর, চিকিৎসাও তেমনি খুব ভালো। এখানে চিকিৎসকরা খুব ভালোভাবে সেবা দিচ্ছেন।
সংক্রমণের কারণে হাসপাতালে ভিড় না করার আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ইনফেকশন বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে বাইরের মানুষ থেকে। রোগীদের থেকে যথা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন।
উল্লেখ্য, সাম্প্রতিক ঘটনায় সারাদেশে ৩ বিজিবি সদস্য নিহত এবং ১৩০ জন বিজিবি সদস্য আহত হন।









