করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ চার মাস ২২ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি রেলস্টেশন দিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ রোববার সকাল ১০টা ১০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলস্টেশনে এসে থামে। যথারীতি যাত্রী ওঠানামা করার পর ট্রেনটি হিলি স্টেশন ছেড়ে চলে যায়।
হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার বলেন, করোনাভাইরাসের কারণে গত ২৪ মার্চ থেকে হিলি রেলস্টেশন দিয়ে বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ আবারও তিতুমীর এক্সপ্রেস ট্রেন চালুর মধ্য দিয়ে হিলি রেলস্টেশন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।









