বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘গড় মূল্যস্ফীতি দিয়ে নিত্যপণ্যের দাম বৃদ্ধি নির্ধারণ করা কঠিন। তবে সার্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে, গত দুই বছরে নিত্যপণ্যের দাম বেড়েছে অন্তত ৫০ শতাংশ।’ গতকাল রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘‌সম্প্রতি সফল হওয়া ছাত্র-জনতার আন্দোলন সরকারি চাকরিতে কোটা সংস্কার দিয়ে শুরু হলেও অর্থনৈতিক বৈষম্যের প্রভাবের ক্ষোভে জনগণের অংশগ্রহণ এটিকে আরো বেগবান করেছে। বিশেষ করে নানা অব্যবস্থাপনার কারণে গত দুই বছর ১০০ টাকার জিনিসপত্রের দাম ১৫০ টাকা হয়ে গেছে।’