আন্তর্জাতিক শিক্ষা-গবেষণার মানোন্নয়ন বিষয়ে পরামর্শক প্রতিষ্ঠান টাইমস হায়ার এডুকেশনের গবেষণা ও উন্নয়নবিষয়ক মহাব্যবস্থাপক রিথিন মালহোত্রার সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। সিঙ্গাপুরে ব্রিটিশ কাউন্সিলের আমন্ত্রণে চার দিনব্যাপী গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক কনফারেন্সে অংশ নেয়ার পর তাদের এ সাক্ষাৎ হয়। এ সময় তারা রাবির র্যাংকিং বৃদ্ধির মাধ্যমে কীভাবে প্রতিষ্ঠানটিকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে আলোচনা করেন। এ বিষয়ে আগামী মাসে অনলাইনে এক সভা করার সিদ্ধান্ত নেন দুজন। এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ উপস্থিত ছিলেন।