বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। হারানোর চারদিন পর রোববার রাতে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গতকাল শিশুটিকে বিশেষ ব্যবস্থায় বগুড়ায় নিয়ে আসা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি নূরে আলম জানান, রোববার দুপুরের দিকে গাজীপুরের চন্দ্রা বাজার এলাকায় রাস্তার পাশে একটি নবজাতকের সন্ধান পায় স্থানীয়রা। পরে সেখানকার পুলিশ বগুড়া সদর থানায় জানায়। খবর পেয়ে সদর থানা পুলিশ নবজাতকের বাবা সৈকত হাসান এবং মা ইতি বেগমকে চন্দ্রায় নিয়ে আসে। সেখানে তারা চুরি যাওয়া সন্তানকে শনাক্ত করেন। গত ৯ নভেম্বর অজ্ঞাতপরিচয় এক নারী সরকারি সহায়তার আশ্বাস দিয়ে কৌশলে নবজাতককে নিয়ে পালিয়ে যায়।










