জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বলা হয়েছে, সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার জুলাই-আগস্ট ২০২৪’এ ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। আহত শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ এ বিষয়ে আবেদন করবেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, আহত শিক্ষার্থীর শিক্ষাজীবনের বর্তমান পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন/টিউশন ফি মওকুফের এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান অনতিবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অবিলম্বে আবেদনগুলো যাচাইপূর্বক শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের ব্যবস্থা নিতে হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।










