বগুড়ার সারিয়াকান্দিতে যমুনায় গোসল করতে নেমে নিখোঁজের ৪২ ঘণ্টা পর স্কুলছাত্র এসএম মুঘ নিউ আলী ছোটর (১৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল দুপুরে সারিয়াকান্দি উপজেলার চরবাটিয়া ডুবোচর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুঘ নিউ ছোট বগুড়া সদরের জলেশ্বরীতলা নূর মসজিদ লেনের মোহাম্মদ আলীর ছেলে। সে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র।

জানা যায়, ছোট তার মা-বাবা আত্মীয় স্বজনসহ ১২ জনের একটি দলের সঙ্গে ৭ মে  দুপুরে সারিয়াকান্দি উপজেলার কালীতলা গ্রোয়েনবাঁধে বেড়াতে যায়। তারা একটি নৌকা ভাড়া করে যমুনা নদীতে ঘোরাঘুরি শেষে বিকালে কালীতলা গ্রোয়েনবাঁধের পূর্ব দক্ষিণ পাশে চরবাটিয়া এক ডুবোচরে তারা গোসল করতে নামে। একপর্যায়ে শিশুটি পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে রাজশাহী থেকে ডুবুরি দল ৪২ ঘণ্টার অভিযান শেষে নিখোঁজ হওয়ার স্থান থেকে ১৫০ গজ দূরে তার মরদেহ উদ্ধার করে।

বগুড়ার সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের লিডার ময়েজ উদ্দিন বলেন, ৪২ ঘণ্টা অভিযান শেষে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।