ঢাকার বিভিন্ন স্থানের ধ্বংসযজ্ঞ দেখে কূটনীতিকরা স্তম্ভিত হয়ে গেছেন। তারা এ ধরনের তাণ্ডবের তীব্র নিন্দা জানাতে ‘লজ্জা, লজ্জা’ উচ্চারণ করে পররাষ্ট্রমন্ত্রী ও তার সঙ্গী সরকারি কর্মকর্তাদের বলেন, ‘এটি তোমাদের অভ্যন্তরীণ বিষয়, আমরা তোমাদের সঙ্গে আছি।’
গতকাল বিকালে বিদেশী মিশনপ্রধান ও কূটনীতিকদের নিয়ে সাম্প্রতিক ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া ঢাকার চারটি স্থাপনা পরিদর্শন শেষে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘আজকে আমরা ডিপ্লোমেটিক মিশনগুলোর বাংলাদেশে কর্মরত কূটনীতিকদের সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, মিরপুর ১০ মেট্রোরেল স্টেশন ও বিটিভি ভবনের মতো জায়গায় নিয়ে গিয়েছিলাম। আমাদের পরিকল্পনা ছিল তাদের আরো কয়েক জায়গায় নিয়ে যাওয়া, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডাটা সেন্টার। কিন্তু রাস্তায় যানজট ও বৃষ্টির কারণে অনেক বেশি সময় লেগেছে। তবে তারা মিরপুরের মেট্রোরেলের ধ্বংসযজ্ঞ দেখেছেন। সেখানে কীভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে, এমনকি ফুটওভার ব্রিজও পুড়িয়ে দেয়া হয়েছে।’
বিটিভি হচ্ছে টেলিভিশনের আঁতুড়ঘর জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আজকে যারা টেলিভিশন চ্যানেলগুলো চালায় তাদের অনেকের হাতেখড়ি হয়েছে বিটিভিতে। এ অঞ্চলের এবং বাংলা ভাষার প্রথম টিভি চ্যানেল বিটিভি। ১৯৬৪ সালে এটি স্থাপিত হয়েছিল। ভারতে তখনো টেলিভিশন চ্যানেল হয়নি।’
ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ, মিয়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ফিলিস্তিন, রাশিয়া, চীন, জাপান, তুরস্ক, জার্মানি, ইতালি, স্পেন, ব্রুনাই, মিসর, আলজেরিয়া, আর্জেন্টিনার রাষ্ট্রদূত ও হাইকমিশনার, ইউএনডিএসএস, আইইউটি, আইএফডিসির প্রতিনিধিসহ বিভিন্ন দেশের ৪৯ জন কূটনীতিক এ পরিদর্শনে অংশ নেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সফরে উপস্থিত ছিলেন।










