নতুন করে নির্ধারিত সময়সীমা অনুযায়ী, এ হামলার সম্ভাব্য সময়সীমা ১০ দিনের জন্য স্থগিত করে আগামী ৬ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। খবর আল জাজিরা, রয়টার্স ও বিবিসি

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের অনুরোধে তিনি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের সময়সীমা ১০ দিনের জন্য পিছিয়ে দিয়েছেন। পোস্টে তিনি দাবি করেন, ‘আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে,’ যদিও এ ধরনের আলোচনার কথা অস্বীকার করেছে ইরান।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালি খুলে না দিলে তিনি ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলা চালাবেন। পরে ‘ফলপ্রসূ আলোচনা’র কথা বলে তিনি প্রথমে পাঁচদিনের জন্য সময় বাড়ান, আর এবার সেটি দ্বিতীয়বারের মতো আরো বাড়ানো হলো।

এদিকে ইরান সরাসরি ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনার কথা অস্বীকার করেছে। অন্যদিকে যুদ্ধে ইরানের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হওয়ায় ট্রাম্প ঠিক কাদের সঙ্গে আলোচনা করছেন, তা স্পষ্ট করেননি। তবে আইআরজিসি স্পষ্ট করেছে, হরমুজ প্রণালিতে ইসরায়েল ও আমেরিকার মিত্র দেশগুলোর যেকোনো ধরনের জাহাজ চলাচল তারা নিষিদ্ধ ঘোষণা করেছে।

সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটির আশপাশের এলাকা ছাড়তে বেসামরিক নাগরিকদের আহ্বান জানিয়েছে আইআরজিসি। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, কাপুরুষ মার্কিন-ইহুদিবাদী বাহিনী নিরীহ সাধারণ মানুষ ও তাদের ঘরবাড়িকে ঢাল হিসেবে ব্যবহার করার হীন চক্রান্ত করছে। আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা বিশেষভাবে অনুরোধ করছি—যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছে, সেই জায়গাগুলো দ্রুত ত্যাগ করুন, যাতে আপনাদের কোনো বিপদ না ঘটে।

এরই মধ্যে সৌদি আরবে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলজুড়ে অস্থায়ী শিবির ও বিভিন্ন হোটেলে আশ্রয় নিচ্ছেন মার্কিন সেনারা। তবে তারা যেখানেই আশ্রয় নেবেন সেই সব স্থানই হামলার নিশানা হবে এবং তাৎক্ষণিকভাবে হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান।

বৈরুতের পুরনো বিমানবন্দরের কাছে একটি লজিস্টিক ঘাঁটিতে, দামেস্কের রিপাবলিক প্যালেস, ফোর সিজনস হোটেল এবং রিসোর্ট, শেরাটন হোটেলগুলোয় মার্কিন সেনার উপস্থিতি রয়েছে।

এদিকে ইরানে হামলা আরো জোরদার করার হুমকি দিয়েছে ইসরায়েল। তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, ‘ইরানে হামলা আরো জোরদার ও বিস্তৃত হবে। এমন লক্ষ্যবস্তুর ওপর আঘাত করা হবে যা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর ইরানের হামলা পরিচালনায় সহায়ক।’ তবে দেশটি এরই মধ্যে সেনা সংকটে পড়েছে। মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির বলেন, ‘আমি আপনাদের সঙ্গে ১০টি লাল পতাকা তুলছি। সেনা সংকটের কারণে শিগগিরই সেনাবাহিনী সাধারণ অভিযান চালাতে অক্ষম হয়ে পড়বে।’

এরই মধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমায় চালকবিহীন ড্রোন স্পিডবোট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, চালকবিহীন এ ড্রোন স্পিডবোট একই সঙ্গে নজরদারি ও ‘কামিকাজি’ বা আত্মঘাতী হামলায় ব্যবহারযোগ্য। এর আগে বিভিন্ন সামরিক মহড়ায় ড্রোন স্পিডবোট ব্যবহার করা হলেও এবারই প্রথম কোনো সক্রিয় যুদ্ধে এ অস্ত্র মোতায়েন করল যুক্তরাষ্ট্র।

33

এছাড়া মধ্যপ্রাচ্যে আরো ১০ হাজার অতিরিক্ত স্থলসেনা পাঠানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ে অবগত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। যুদ্ধের আগে থেকেই মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ৫০ হাজারের মতো সেনা ছিল। ইরানের পাল্টা হামলার মুখে সম্প্রতি ট্রাম্প প্রশাসন উপসাগরীয় অঞ্চলে দুটি মার্কিন মেরিন ইউনিট ও ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কয়েক হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য স্থলযুদ্ধের প্রস্তুতিতে ইরানও এরই মধ্যে ১০ লাখের বেশি যোদ্ধা জড়ো করেছে বলে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির সামরিক এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম। ইরানের বিভিন্ন শহরে বাসিজ আধাসামরিক বাহিনী, আইআরজিসি ও নিয়মিত সেনাবাহিনীর নিয়োগ কেন্দ্রগুলোয় বিপুলসংখ্যক তরুণ স্বেচ্ছাসেবক ভিড় করছেন।