দেশব্যাপী অস্থিরতার মধ্যে রেল চলাচল বন্ধের এক সপ্তাহ পর বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিল হওয়ার সময় সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। আজ বুধবার (২৪ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীরের বরাতে এ তথ্য জানিয়েছে বাসস।

সংবাদ সংস্থাটিকে হুমায়ুন কবীর বলেন, বৃহস্পতিবার কারফিউ শিথিল থাকাকালীন ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টঙ্গী রুটসহ রেলওয়ের পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলের অন্যান্য রুটেও স্বল্প দূরত্বে কমিউটার ট্রেনগুলো চলাচল করবে। পরিস্থিতি বিবেচনা করে দূরপাল্লার ট্রেন চলাচলের বিষয়ে আমরা বৃহস্পতিবার আলোচনা করে সিদ্ধান্ত নেব।

বুধবার থেকে মালবাহী ট্রেনগুলো চলতে শুরু করেছে বলেও জানান সচিব। তিনি জানান, অন্যান্য ট্রেন পরিষেবা বন্ধ থাকার সময়ও তেল ও ট্যাঙ্কার বহনকারী ট্রেনগুলো চলেছে।  

উল্লেখ্য, দেশজুড়ে সহিংসতার কারণে গত ১৮ জুলাই থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।