পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে আজ ভোরে অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশী নাগরিকের প্রাণহানি ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, সংবাদপত্র ও মিডিয়াসূত্রে এ খবর জানার সঙ্গে সঙ্গে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহতদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুসারে, এ অগ্নিকাণ্ডে এ যাবৎ মোট নয়জন মারা গিয়েছেন। তাদের মধ্যে পাঁচ জন বাংলাদেশী বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। বাকিদের পরিচয় স্থানীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি।

এছাড়া আহত ছয় জন বাংলাদেশী নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশীদের বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। এরই মধ্যে উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্প লাইন চালু করেছে।

পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য যে প্রাথমিক তথ্যে আজ সকালে পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, নিহত নয়জনের সবাই বাংলাদেশী। পরে তারা জানায়, নিহতের সবাই নন, বেশির ভাগই বাংলাদেশী।