বাংলাদেশে ফিরে তারেক রহমান ‘নির্বাচনী প্রচারণা‘য় অংশ নেবেন বলে জানিয়েছেন আমানউল্লাহ আমান। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য একথা জানান।

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন ২৬ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে, এ নির্বাচন ইনশাল্লাহ হবেই। এ নির্বাচনে আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে এ নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনিই থাকবেন, তিনিই নেতৃত্ব দেবেন।

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আমান উল্লাহ আমান বলেন, আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজ পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচাল চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন বানচাল করা যাবে না।

ডেমোক্রেটিক লীগের উদ্যোগে সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় দলটির সহসভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের সঞ্চালনায় ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপি’র খায়রুল কবির খোকন, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, গ্লোভাল বাংলাদেশীজ এলায়েন্স ফর হিউম্যান রাইটের আহ্বায়ক ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান শামসুল আলম লিটন সহ অনেকে বক্তব্য দেন।