রিপাবলিকান দলের
প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রথমবারের মতো টেলিভিশন
বিতর্কে অংশ নেন গত ১০ সেপ্টেম্বর। সেই বিতর্কের পর প্রথম জনমত জরিপের ফল সামনে এসেছে।
তাতে দেখা গেছে হ্যারিসের ঝুলিতে গেছে ৫২ শতাংশ ভোট, আর ট্রাম্প পেয়েছেন ৪৬ শতাংশ ভোট। অবশ্য বিতর্কের আগে করা জনমত জরিপেও একই ব্যবধানে এগিয়ে ছিলেন হ্যারিস। খবর এবিসি নিউজ।
১১ থেকে ১৩ সেপ্টেম্বর
অনলাইনে এ জরিপ চালানো হয়। জরিপের ফল বলছে, ট্রাম্পকে ভোট দেবেন, নাকি হ্যারিসকে, সেই
সিদ্ধান্ত এখনো ২ শতাংশ ভোটার নিতে পারেননি।
বিতর্কের ঠিক
আগে আগস্টের শেষ দিকে আরেকটি জনমত জরিপের ফল সামনে আসে। দুই সমীক্ষার ফল বিশ্লেষণ করে
দেখা যাচ্ছে, বিতর্কে ট্রাম্পের চেয়ে হ্যারিস দৃশ্যত ভালো করলেও ভোটারদের মনে তার বিশেষ
প্রভাব পড়েনি। দুজনের মধ্যে ভোটের ব্যবধান একই আছে (৬ শতাংশ)।
সর্বশেষ জরিপ
বলছে, যারা রিপাবলিকান বা ডেমোক্র্যাট, কোনো দলেরই রেজিস্টার্ড ভোটার নন, তাদের সমর্থন
হ্যারিসের প্রতিই বেশি। তাদের কাছ থেকে হ্যারিস পেয়েছেন ৫৩ শতাংশ ভোট, আর ট্রাম্প ৪৪
শতাংশ। মেয়েদের বেশি ভোট গেছে হ্যারিসের দিকে। তিনি পেয়েছেন ৫৫ শতাংশ ভোট, আর ট্রাম্প
পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। পুরুষ ভোটারদের ক্ষেত্রে দুজনেই পেয়েছেন ৪৯ শতাংশ ভোট।
কমবয়সি ভোটারদের
ক্ষেত্রে দেখা গেছে, হ্যারিসের জনপ্রিয়তা অনেক বেশি। ত্রিশের নীচে বয়স যে ভোটদাতাদের,
তাদের মধ্যে ৫৯ শতাংশ হ্যারিসকে ভোট দেবেন বলে জানিয়েছেন। ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন
৪০ শতাংশ। এ ফারাক আরো বেড়ে যায় কমবয়সি নারী ভোটারদের ক্ষেত্রে। ত্রিশের নীচে ৬৮ শতাংশ
নারী ভোটার হ্যারিসকে বেছে নিয়েছেন, আর ট্রাম্প পাচ্ছেন মাত্র ৩০ শতাংশ।










